দেশের মানুষ আজ অধিকার বঞ্চিত— বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
জিয়াউর রহমানের কবর অন্যত্র সরিয়ে নেয়ার প্রসঙ্গে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাব জানতে চাইলে সাংবাদিকদের দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, এসব আওয়ামী লীগের রাজনীতির কূটকৌশল।
রাজনীতিতে প্রতিহিংসা না বাড়িয়ে দেশের সংকট নিরসনে উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান খালেদা জিয়া। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ৮০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নানা আয়োজনে দিনটি পালন করছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন দেশের গণতন্ত্র আজ বিপন্ন। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। কলকাতায় মাধ্যমিক আর করাচিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন তিনি। ১৯৫৫ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্তি আর ৭০-এ চট্রগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব পান মেজর র্যা ঙ্কের কর্মকর্তা জিয়া। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ ও ১নং সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়াউর রহমান।
স্বাধীনতার পর সামরিক অভ্যূত্থান ও রাজনীতির পট পরিবর্তনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদে বহাল থেকে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া।