সংসদের বিরোধীদল জাতীয় পার্টিতে কো -চেয়ারম্যান পদ তৈরি ও মহাসচিব পদে পরিবর্তন নিয়ে দলে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। দলের চেয়ারম্যানের একক সিদ্ধান্তে এমন পরিবর্তন দলের অনেকেই মেনে নিতে পারছেন না। যদিও এরশাদ দাবি করছেন গঠনতন্ত্র মেনেই পরিবর্তন আনা হয়েছে।
এ নিয়ে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের দেয়া বিবৃতি পরিস্থিতি আরো ঘোলাটে করছে।
এদিকে চট্টগ্রামে দলের সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবুল দাবি করেছেন জাতীয় পার্টির ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে।
বিরোধীদল হিসেবে জাতীয় পার্টিকে গতিশীল ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দলের আস্থা ফিরিয়ে আনতে জাতীয় পার্টিতে কো-চেয়ারম্যান পদ তৈরি করা হয়েছে এবং পরিবর্তন আনা হয়েছে মহাসচিব পদেও দুই নেতাকে আগামী জাতীয় কাউন্সিলের দায়িত্বও দেয়া হয়েছে।
কিন্তু চেয়ারম্যানের এমন একক সিদ্ধান্ত মানতে পারছেন না দলের একটি অংশ। তারা আলোচনার মাধ্যমে দলের পরিবর্তন আনতে চান।
এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ বলেছেন অগণতান্ত্রিকভাবে দলের চেয়ারম্যান এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে কো-চেয়ারম্যান জিএম কাদের জানান, রওশন এরশাদের পরামর্শেই তাকে কো চেয়ারম্যান করা হয়েছে—তিনি কোনো বিবৃতি দেননি।
এদিকে, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু শুক্রবার চট্টগ্রামে এক সমাবেশে জানান দল ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবে না।