রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, সুস্থ রাজনীতি ও গণতান্ত্রিক চর্চার অভাবে দেশে উগ্রপন্থার উত্থান ঘটবে।
"৭১-এর মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার তার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে সমন জারি করেছে আদালত।
এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি প্রধানের বক্তব্যে রাষ্ট্রদ্রোহের ঘটনা না ঘটলেও সরকার ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়িয়েছে।
রাজনীতিকে স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে না দিলে পরিণাম ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া, বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণার পরপরই দলের চেয়ারপারসনের বিরুদ্ধে এধরনের রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করেন মির্জা ফখরুল।