মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুপ মন্তব্যে প্রতিবাদে জানাতে তার বাড়ি ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছে আওয়ামী লীগ সমর্থকদের একটি সংগঠন।
শনিবার সকালে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী খালেদার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হলে তাদের সরিয়ে দেয় পুলিশ।
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্যের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতা-কর্মী।
তখন সেখানে কর্তব্যরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ গিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
কূটনৈতিক পাড়ায় এই ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে তিনি তাদের সরে যেতে বলেন।
এদিকে, গুলশান দুই নম্বর চত্বরে জড়ো হতে না পেরে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর নেতা-কর্মীরা পশ্চিম দিকে সরে এসে বনানী মাঠে অবস্থান নিয়েছেন।