সরকারের শত ষড়যন্ত্র, দমন-পীড়ন আর হত্যা-গুমের পরও বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সিলেটে জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্যায়ভাবে ক্ষমতায় এসে তা ধরে রাখতেই সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।
আওয়ামী লীগ বিএনপিকে ধংসের ষড়যন্ত্র করলেও তা রুখে দিয়ে তার দল জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে জানান তিনি।
তিনি খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সংগঠিত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র আজ অবরুদ্ধ— এ অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
তিনি এ সময় অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি—এ কথা জানিয়ে বাংলাদেশের মানুষ তাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না তৃণমূল থেকে আন্দোলন শুরু করে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
‘সিলেট বিএনপির নির্বাচন হলো মাইলফলক’—মন্তব্য করে মির্জা ফখরুলের অভিযোগ করেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে।
বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে—দেশ এখন মহাবিপদে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এ বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়—তৃণমূল থেকে আন্দোলন করে এই সরকারকে হটানো সম্ভব আর তৃণমূল গুছিয়ে বিএনপি দেশের আপামর জনসাধারণকে নিয়ে তাই করবে।
ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব:
সিলেট জেলা ও নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এ তিন পদে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়ে এমরান আহমদ চৌধুরী ও হাসান পাটওয়ারি। আর নগরে সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
ভোট গ্রহণ শেষে দুপুর একটার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনকারী এম নুরুল হক এবং নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার আহমেদুস সামাদ।
সিলেট বিএনপিতে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রায় দুই যুগ পর সম্পন্ন হয়েছে। নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের আশার প্রতিফলন হয়েছে।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ সিলেট বিএনপির শীর্ষ নেতারা।