সরকারের এজেন্টরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ছাত্রদলে ক্ষোভ-বিক্ষোভ আর অসন্তোষ চলছেই—অভিযোগ উঠেছে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে কমিটি গঠনের।
তবে সংগঠনটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, সরকারের এজেন্ট এবং ছাত্রদলে অনুপ্রবেশকারী দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে।
ছাত্রদলের জ্যেষ্ঠ. যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, কমিটি গঠনে বাণিজ্য কিংবা স্বজনপ্রীতির অভিযোগ বায়োনাট।
৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ উঠেছে এতো বড় কেন্দ্রীয় কমিটি করার পরও এতে জায়গা হয়নি যারা দুঃসময়ে দলের সঙ্গে থাকেছেন, নির্যাতিত হয়েছেন তাদের অনেকেরই। অনেকেই আবার পাননি কাঙ্খিত পদ— বেশি অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের কমিটি নিয়ে।
অসন্তোসের জেরে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা এবং ছাত্রদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবারও পদ পাওয়া এবং না পাওয়া দুগ্রুপের মহড়া দেখা গেছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বেশিরভাগ সময়ই কার্যালয়ের সামনের জায়গা ছিল বর্তমান কমিটির নেতারদের দখলে।
তবে বিকেল ৪টার পর পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীদের একটি দল ঝটিকা মিছিল করেছে।
দু'গ্রুপ মুখোমুখি হলেও পুলিশের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অভিযোগ রয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার ইন্ধনে বিক্ষোভ করছেন পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা।