সরকারকে অস্থিশীল করতে গুপ্ত হত্যায় মদদ দিচ্ছে পাকিস্তান— বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, পাকিস্তানের দোসর হিসেবে কাজ করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অকূটনৈতিকসুলভ।
এ সময় ১৪ দলের মুখপাত্র মো. নাসিম বলেন, পাকিস্তানের এদেশ বিরোধী কর্মকাণ্ডে জনগণ বিক্ষুদ্ধ। তবে এক্ষেত্রে বিএনপি নেত্রীর নীরবতা পাকিস্তানকে সমর্থন করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তান আর তার দোসর হিসেবে কাজ করছে বিএনপি-জামাত।
সভায় ১৪ দলের পক্ষে গাবতলী থেকে যাত্রাবাড়ি বিকেল ৪টা থেকে ৫টা মানববন্ধন করে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
আর যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের প্রতিক্রিয়া ও সম্প্রতি বাংলাদেশী কূটনীতিককে হয়রানি এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীতে মানববন্ধন করবে ১৪ দল।