দলীয় মনোনয়ন ও প্রতীকে পৌরনির্বাচন করার পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নিচ্ছে বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয় দলটির পক্ষ থেকে।
বিএনপির মতে, তাদের আসন্ন জাতীয় কাউন্সিলকে বাধাগ্রস্ত করতেই মার্চের শেষভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে কমিশন।
আর দলীয় প্রতীকের এ নির্বাচনে গ্রামাঞ্চলে হানাহানি-সংঘাতের সৃষ্টি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয় মনোনয়ন ও প্রতীকে গেল পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। মার্চের শেষ ভাগে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোটের লড়াইয়ে থাকছে দলটি।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরদিন নয়াপল্টনে দলের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সাংবাদিকদের অবহিত না করলেও শুক্রবার বিকেলে নির্বাচনে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, এ নির্বাচন দেয়ার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে এবং তা আদৌ সুষ্ঠু হবে কি-না এ বিষয়ে আশঙ্কা রয়েছে।
উপজেলা ও ইউনিয়নের শীর্ষ নেতাদের সুপারিশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।