ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশাবাদী না হলেও নির্বাচনে অংশ নেয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশের শিশুহত্যা বাড়ছে।
আওয়ামী লীগ সরকারের দমননীতি ও অগণতান্ত্রিক আচরণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল—উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য সরকারকেই দায়ী করেন তিনি।
ইউপি নির্বাচন নিয়ে বিএনপি'র প্রস্তুতি কেমন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সার্বিক প্রস্তুতি নিলেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি আশাবাদী না।
বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ক্রমাগত বিতর্ক সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে ক্ষমতাসীন দল ও সরকারের পাঁয়তারা সফল হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।