দুই সম্পাদকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা তাদের জন্য হুমকিস্বরুপ ও গণমাধ্যম বন্ধ করে বাকশাল কায়েমের পাঁয়তারা করছে সরকার।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে মহান একুশের চেতনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সম্পাদকদের বিরুদ্ধে বলেছেন, কারণ এটা তাদের পুরোনো অভ্যাস, বাকশালি অভ্যাস ওইসময় সকল সংবাদপত্র তারা বন্ধ করে দিয়েছিলেন। আবার বন্ধ করার পাঁয়তারা করছেন। এটা কি ভাষার চেতনা? একুশের চেতনা? এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা?
হাফিজ উদ্দিন বলেন, ‘গতকালকেই দুজন সম্পাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বক্তব্য শুনলাম। ওই সময় সব সংবাদপত্রেই ওই সংবাদগুলো প্রকাশিত হয়েছে। একমাত্র মুক্তিযোদ্ধা মাহফুজ আনাম ভুল স্বীকার করেছেন। অন্যরা তো করেননি। গণমাধ্যমে এর চাইতে অনেক মারাত্মক কথা বলেছেন আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল জলিল, ওবায়দুল কাদের ও অন্যরা। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার কথা তো তিনি বললেন না।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু ভুল স্বীকার নয়, সৎ সাহস থাকলে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকতা পেশা ছেড়ে দেয়ার আহ্বানও জানান।