মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় আগামী স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে খালেদা জিয়াকে বিক্ষুব্ধ জনগণ প্রতিহত করতে পারে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদের প্রতি অবমাননা করেছেন—উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এবার একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নয় বরং অবমাননা করতে গিয়েছিলেন বিএনপি নেত্রী।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী সঙ্কটে ভুগছে— আর বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ বাধা দিচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, সুদুরপ্রসারী নীল নকশা নিয়ে এগুচ্ছে বিএনপি। ষড়যন্ত্রের মাধ্যমে আইএসের ধোঁয়া তুলে তাদের পরিকল্পনা বাস্তবায়নে এদেশে সহযোগি হিসেবে কাজ করছে বিএনপি-জামাত বলণেও জানান তিনি।