আসন্ন জাতীয় কাউন্সিলের পরেই সরকার পতনের আন্দোলনে বিএনপি রাজপথে নামবে বলে—জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরামের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেইসঙ্গে আন্দোলন জোরদার করতে আগামী কাউন্সিলে দলের গঠনতন্ত্রেও কিছু পরিবর্তন আনা হবে বলেও জানান বিএনপির এ নেতা।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে কাউন্সিলের পর আমরা মাঠে নামতে চাই। অনেক তুচ্ছ-তাচ্ছিল্ল করা হচ্ছে বিএনপির কোনো দল নেই— এদের কোনো মাঠে নামার কোনো ক্ষমতা নেই।’
তিনি আরো বলেন, ‘আগামী দিনে মাঠে নামতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশরে উন্নতির স্বার্থে এবং এ ফ্যাসিস সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে চাই।’
হাফিজ উদ্দিন অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমাদানে বাধা দেয়া হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই রাজপথে আন্দোলনে নামবে বিএনপি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশে যখন গণতন্ত্র অনুপস্থিত থাকে তখন স্বাধীন বিচার ব্যবস্থা প্রত্যাশা করা অমূলক।