বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার দলের শীর্ষ নেতৃত্বসহ তৃণমূল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার পরিকল্পনায় ২০০৭ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় করাগারে পাঠানো হয়।
সে ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রেখেছে— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তি যাতে দাঁড়াতে না পারে, সরকার লুটপাট, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলতে না পারে, সেজন্য তারা আমাদের নিঃশেষ করতে চায়।
সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারবে না— এ কথা উল্লেখ করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, এ বছরই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটবে।
বিএনপিকে ঘিরে সরকার প্রতিহিংসার রাজনীতি করছে অভিযোগ করে নেতারা বলেন, শত অত্যাচার-নিপীড়নের মধ্যেও গণতন্ত্রের সংগ্রামে জয়ী হবে বিএনপি।
এছাড়াও সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলেও মন্তব্য করেন নেতারা।