বিএনপির আসন্ন কাউন্সিলে নিস্ক্রিয়দের দল থেকে বাদ দেয়া হবে না— তবে তারা কোনো গুরুত্বপূর্ণ পদে থাকবেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী কর্মজীবী দলের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির নামে বিভিন্ন সহযোগী সংগঠনকে কাউন্সিলে স্বীকৃতি দেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলে স্বীকৃতি বা দলে অন্তর্ভূক্তি দেয়া না হলেও এক এগারো ও বিএনপির দুঃসময়ে তাদের ভূমিকার কথা তুলে ধরা হবে।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেন, আত্মীয়তার সম্পর্ক দিয়ে নয়—দল গঠন করতে হলে চাই দলের জন্য ত্যাগ স্বীকার, সাংগঠনিক ক্ষমতা ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা।
অতীতেও নানা মহল থেকে এমন উদ্যোগ নেয়া হলেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি— এ কথা উল্লেখ করে তিনি বলেন, আহমেদ কামালের দল গঠনের এ ঘোষণাকে বিশেষ মহল ও সরকারের ইন্ধন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কোনো ক্ষতি করা সম্ভব নয়।
সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাই আহমেদ কামালের নতুন দল গঠনের পরিকল্পনা সম্পর্কে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
এদিকে, আরেক অনুষ্ঠানে সরকার প্রশাসনকে ব্যবহার করে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান।