বিএনপির কাউন্সিল কোথায় হবে শেষ মুহূর্তে এসে তা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে দলের শীর্ষ নেতারা শিগগিরই আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তবে ভেন্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও কাউন্সিল না পেছানোর কথা নেতারা জোর দিয়েই বলছেন।
এদিকে, রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের তারিখ ১৯ মার্চ নির্ধারিত হয়ে আছে অনেক আগে থেকেই। তবে বেশ কয়েকটি জায়গার জন্য অনুমতি চেয়ে না পাওয়ার পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে ভেন্যু ধরে কাউন্সিলের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছে দলটি।
তবে আগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে কাউন্সিলের জন্য অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
কাউন্সিলের ভেন্যু নিয়ে দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত দেবেন বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও আলোচিত দুই ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মহানগর নাট্যমঞ্চের বাইরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী দলটি।
শেষ মুহূর্তে ভেন্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও কাউন্সিলের তারিখ পেছানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন রিজভী।