ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে বিএনপির সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে—সরকার থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাঁধা আসবে না বলে প্রত্যাশা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়াদী উদ্যান বরাদ্দ পাওয়ায় দলের নেতাকর্মীরাও বেশ চাঙ্গা— এ কথা উল্লেখ করে রিজভী বলেন, এ কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি আরো এক ধাপ শক্তিশালী সংগঠন হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সর্বস্তরের জনতা আগামী দিনের দেশ রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে সাড়া দেবেন। ফলে সে আন্দোলন সফল হবে, মানুষ ফিরে পাবে গণতন্ত্র ও তাদের বাক-স্বাধীনতা।
এর আগে সকালে কাউন্সিলের স্থান পরিদর্শন শেষে দলটির স্থায়ী কমিটি ও শৃঙ্খলা উপকমিটির সদস্য আসম হান্নান শাহ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি সরকারের আরো আগে দেয়া উচিত ছিল।
শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যাবেন এবং দুপুর ১২টা নাগাদ প্রথম অধিবেশনের বক্তব্য রাখবেন বলেও জানান হান্নান শাহ।