কাউন্সিলের মাধ্যমে বিএনপি ইতিবাচক রাজনীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে—উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া শিগগিরই দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
সোমবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাউন্সিলে গঠনতন্ত্রের পরিবর্তন ও প্রস্তাবনা তুলে ধরে এবারের কাউন্সিলে গঠনতন্ত্রে এক নেতা এক পদ বিধান সংযুক্তির কথা জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, এর মাধ্যমে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়েছেন।
এ সময় মির্জা ফখরুল কাউন্সিলের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের অপব্যাখ্যা দেয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
পাশাপাশি সরকারকে সুস্থ ধারার রাজনীতির চর্চার আহ্বান জানান বিএনপির এ নেতা।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম গঠনতন্ত্রের সংশোধনী সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
এছাড়াও এ সময় ভিশন-২০৩০ নিয়ে কথা বলেন দলের সিনিয়র নেতারা।