ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ প্রার্থীসহ ২২জন নিহতের ঘটনায় বর্তমান সরকার, সরকারের পেটোয়া বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায়ি করে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি করেন।
রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে গোটা নির্বাচনী ব্যবস্থাকেই তামাশায় পরিণত করেছে।
নির্বাচন কমিশন নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ করেন বিএনপির এ নেতা।
নির্বাচন কমিশন বিপদ গামী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে— উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচন কমিশন কোন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। শুধু দায়সাড়া কিছু কথা বলেছে। নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়ে এতগুলো মানুষের জীবন দিতে হত না। এতগুলো প্রাণহানির জন্য নির্বাচন কমিশনই দায়ি।
তিনি আরো বলেন, তাদের আনুগত্য, সেবাদাসমূলক আচরণের কারণেই এত মানুষের প্রাণহানি হল। প্রধাননির্বাচন কমিশনার অত্যন্ত নিলজ্জভাবে বলেছেন যে ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে’।
শুধুমাত্র জনমতকে অগ্রাহ্য করার কারণেই ইউপি নির্বাচনের প্রথম ধাপে পৈশাচিক ও বর্বরতা ঘটনা ঘটেছে জানিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশন আজ নিথর, লক্ষ্যভ্রষ্ট ও বিপথগামী একটি প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে।