সংঘাত-সহিংসতা ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে সরকারকে আবারো সমঝোতা ও সংলাপের পথে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে সরকার নির্বাচন ব্যবস্থা ও সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধংসের মুখে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে মৌলবাদের দল বলে অপপ্রচার ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে বলেও অভিযোগ তাদের।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ইউপি নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনন্সিটিউশনের এ আলোচনায় বিএনপির বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার রাজনীতিতে সহনশীলতা চায়না বলেই এখনো অন্যান্য দলের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করছে।
বিএনপিকে জঙ্গিবাদের দল বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা দলের সবাইকে পরিচ্ছন্ন রাজনীতি করার আহ্বান জানান।
এছাড়াও দলের অন্য নেতারা গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে সোচ্চার হতে নেতা-কর্মীদের চেয়ারপার্সনের দিক-নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আগামীতে দল ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।