দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের জন্য আইনি লড়াইয়ে নামবে বিএনপি বলে জানিয়েছেন দলের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ইন্টারপোলের তালিকা থেকে তারেক রহমানের নাম বাদ পড়াই প্রমাণ করে যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
এ সময় তিনি বলেন, চিকিৎসা শেষেই তারেক রহমান দেশে ফিরবেন।
২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় তালিকাভুক্ত আসামি তারেক রহমানকে পলাতক দেখিয়ে বাংলাদেশ পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে গত বছরের এপ্রিলে তারেকের নামে রেড নোটিস জারি করে ইন্টারপোল। এর বিরুদ্ধে আপিলের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তালিকা থেকে তারেক রহমানের নাম বাদ দেয় সংস্থাটি।
এদিকে, তনু হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে দলের বিদায়ী স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দেশে এখন আইনের শাসন নেই।