কেবলমাত্র প্রতিহিংসা চরিতার্থ করা এবং রাজনৈতিকভাবে হেয় করতেই বিএনপি মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা মহাসচিব নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরই সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, মামলা-হামলা চালিয়ে বিএনপির গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলনকে দমনের চেষ্টা চালাচ্ছে সরকার।
প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে, সংকট নিরসনে আবারো সরকারকে আলোচনার আহ্বান জানানোর পাশাপাশি শিগগিরই সবদলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারছে না এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে সবরকমের অপচেষ্টা চালাচ্ছে সরকার।