সংঘাতের পথ ছেড়ে সংলাপ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংকটের সমাধানে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনন্সিটিউশনে ইসলামী ঐক্যজোটের আয়োজিত কাউন্সিলে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারের দুঃশাসনে ভালো নেই দেশের মানুষ। বল এখন শাসক দলের কোটে— সরকারের ওপরই নির্ভর করছে ভবিষ্যতে রাজনীতি কোনো পথে এগোবে।
দেশে বর্তমানে অসুস্থ রাজনৈতিক ধারা চলছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে সোচ্চার হওয়ার তাগিদ দেন।
বিভিন্ন স্বার্থবাদী গোষ্ঠী ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করতে জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে মন্তব্য করে এ বিষয়ে আলেমদের সজাগ থাকারও পরামর্শ দেন তিনি।
কাউন্সিলের পর বিএনপি এখন দল পুনর্গঠনের কাজে ব্যস্ত বলেও জানান বিএনপি চেয়ারপারসন।
কাউন্সিলে ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতারা ছাড়াও ২০ দলীয় জোটের সমন্বয়ক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জোটের অন্য নেতারা বক্তব্য রাখেন।
গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল শেষ হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।