ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে দেয়া রাজপথের প্রথম কর্মসূচিতে মাঠে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের।
তবে প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তারাও স্বেচ্ছায় গণগ্রেপ্তারের পথ বেছে নেবেন।
দীর্ঘদিন পর্যন্ত কর্মসূচি দিয়ে রাজপথে না থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল-সমাবেশের ঘোষণা দেয় দলটি।
তবে পুলিশের সতর্ক পাহারা কারণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করতে না পারলেও বিজয়নগর, প্রেসক্লাবসহ রাজধানীর বেশ কিছু জায়গায় বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। যদিও সেসব মিছিলে দেখা মেলেনি কেন্দ্রীয় নেতাদের।
আর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার।