নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াকে গণবিরোধী সিদ্ধান্ত।
শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী এবং হয়রানিমূলক—উল্লেখ করে রিজভী বলেন, এ সিদ্ধান্ত অপ্রয়োজনীয় কেবলমাত্র সরকারের দুর্নীতির ঘাটতি পূরণই এর মুখ্য উদ্দেশ্য।
এ ধরনের সিদ্ধান্ত না নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় এমপি-মন্ত্রীরা দেশের অর্থ লুট করে বাইরে পাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
এছাড়া, ক্ষমতা আঁকড়ে থাকার মানসিকতা ও জেল-জুলুমের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।
মাত্র ৭ মাস আগেই এক দফা বাড়ানো হয়েছে গ্যাসের দাম-- এখন আবার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে। তিতাস গ্যাস, জিটিসএলসহ গ্যাস সরবরাহকারী ৭টি প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অনুযায়ী গ্যাসের দাম বাড়াতে বিইআরসিতে প্রস্তাব পাঠিয়েছে।
প্রস্তাব অনুযায়ী আবাসিকে গ্যাসের চুলা, মিটার ব্যবহারকারী এবং সিএনজি সবক্ষেত্রেই আলাদা করে দাম বাড়ানোর কথা বলা হয়েছে। পর্যালোচনা শেষে, এক মাসের মধ্যেই এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই মূল্যবৃদ্ধির বাড়তি প্রভাব পড়বে বিদ্যুতের উপরেও।