কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৭ যুগ্ম মহাসচিব ও ৮ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুই পদের নেতাদের নাম ঘোষণা করা হয়। এবারই প্রথম সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ২ জন নারী।
জাতীয় কাউন্সিলের ২০ দিন পর ঘোষণা করা হলো বিএনপির নতুন কমিটির যুগ্মমহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের নাম।
৭ জন যুগ্ম মহাসচিবের মধ্যে আগের কমিটির শুধু মাহবুবউদ্দিন খোকন রয়েছেন। আর বাকিরা হলেন: মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হবিবউন-নবী খান সোহেল, হারুনুর রশীদ এবং আসলাম চৌধুরী।
এছাড়াও নতুন কমিটিতে ৮ জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ফজলুল হক মিলন ও আসাদুল হাবিব দুলু ছাড়া বাকি ৬ জনই নতুন। সাংগঠনিক সম্পাদক পদে এবারই প্রথম মোননীত হলেন নারীরা। এ দুজন হলেন বরিশালের বিলকিস শিরিন ও ফরিদপুরের শ্যামা ওবায়েদ ।
কমিটির অন্য সদস্যদের নাম এখনও ঘোষণা করা হয়নি।