দুই খণ্ডে বিভক্ত ঢাকা মহানগরের আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেন তিনি।
ঢাকা উত্তরের জন্য ঢাকা ১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহকে সভাপতি ও মোহাম্মদ সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর দক্ষিণে আবুল হাসনাত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শাহে আলম মুরাদের নাম ঘোষণা করা হয়েছে।
২০০৩ সালের পর একবার সম্মেলন হলেও এক যুগ পেরিয়ে যাওয়ার পর বিভক্ত ঢাকায় নতুন এ দুটি কমিটি ঘোষণা করলো আওয়ামী লীগ।
এ সময় সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন, এ কমিটি আগামী নির্বাচনে এবং আন্দোলনে ভূমিকা রাখবে।
বর্তমান কমিটির মেয়াদ ঘোষণার দিন থেকে তিন বছর বলে জানান সৈয়দ আশরাফুল ইসলাম।
কার্যালয়ে বাইরে ও ভেতরে এসময় উৎসাহী কর্মীরা শ্লোগান দিতে থাকেন। একইসঙ্গে ঢাকা মহানগরের ১০৩টি ওয়ার্ড, ১৭টি ইউনিয়ন ও ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
গত ২০১২ সালে ২৭ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সময় এম এ আজিজকে সভাপতি আর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে সাধারণ সম্পাদক করা হলেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি পুরো মেয়াদে।