গত ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ৭.৫%— এমন দাবি অসত্য এবং তা সরকারের পরিসংখ্যানগত বিভ্রান্তি বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার জিডিপির প্রবৃদ্ধি নিয়ে চমক দেখাচ্ছে— বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই।
বর্তমান অর্থনীতির কোনো সূচকেই জিডিপি প্রবৃদ্ধির ৭.৫% লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাব না বলে দাবি করে বিএনপির এ মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে রেমিটেন্স প্রবাহ, মাথাপিছু আয় ও ব্যক্তিখাতে বিনিয়োগ আশংকাজনক হারে কমেছে।
রাষ্ট্রীয় বিনিয়োগে সীমাহীন দুর্নীতির কারণে সরকারে দাবি করা প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়— মন্তব্য করেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।