সাংবিধানিক শপথ নয় নিজেদের চাকরি রক্ষায় ব্যস্ত নির্বাচন কমিশন—এ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি।
যৌথ সভা শেষে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, যে কর্মসূচিতে খালেদা জিয়ারও যোগ দেবেন।
তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন।
এ সমাবেশের অনুমতি চেয়ে শ্রমিক দল গত ২৭ মার্চ গণপূর্ত অধিদপ্তরে আবেদন করেছে জানিয়ে রিজভী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ করতে তাদের কোনো আপত্তি নেই।
তবে এরপর ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনও সে বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি বলে –এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন , পুলিশের অনুমতি পাওয়া গেলে আমরা সমাবেশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
নারায়ণগঞ্জ, টঙ্গী, ফতুল্লা, সাভার, নরসিংদীসহ বিভিন্ন শ্রমিক এলাকা থেকে শ্রমিকদের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা হয়।