জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
খালেদা জিয়া বলেন, মানুষের নিরাপত্তা, গণতন্ত্র, শান্তি এখন লাশবাহী গাড়িতে। বলেন, সহিংস রক্তপাত ঘটানো ছাড়া বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনো পথ খোলা নেই।
নিজেদের স্বার্থে হত্যাকাণ্ড নিয়ে কল্পকাহিনী রচনা করা আওয়ামী লীগের স্বভাবধর্ম বলেও বিবৃতিতেও উল্লেখ করেন খালেদা জিয়া।
মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে আর বিপজ্জনক।
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সঙ্গে বিএনপি নয়, বরং সরকারই জড়িত। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।