যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিক্রিয়া হিসেবেই দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে সেবার মান বাড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে নাসিম বলেন, একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করতে এ ধরনের নৃসংশ হত্যা করছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবে দেশে একের পর এক মুক্ত চিন্তার মানুষদের হত্যার প্রতিবাদে মানববন্ধনে যোগ দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক জামাত বিএনপি এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
যারা আগুন-সন্ত্রাস করেছে তারাই দেশকে অস্থিতিশীল করতে মুক্তমনা মানুষদের হত্যা করছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, এ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘দেশের গণগ্রন্থাগারগুলোতে বেঙ্গল ফাউন্ডেশনের ৪০ হাজার আর্ট ক্যাটালগ ও বই হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন সংস্কৃতিমন্ত্রী।
এদের প্রতিহত করতে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।