গুপ্তহত্যার ঘটনায় বিরোধীদলের ওপর দায় চাপানোর কারণে তদন্ত প্রভাবিত হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে— বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সন্ধ্যায় জাতীয় কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ করে সরকার জঙ্গিবাদ উত্থানের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়া বলেন, বিচার বহির্ভূতভাবে খুন ও গুম করা হচ্ছে। যেখানে সেখানে মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে, এর মধ্যে অনেকের গুমের পর মরদেহও পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, মিথ্যা মামলা নিয়ে রিমান্ডে নিয়ে দেশের সম্মানিত নাগরিকদের অসম্মান করা হচ্ছে।
সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, দেশে যে সঙ্কট সৃষ্টি করেছেন তা দেশের মধ্যেই নিরসন করুন।
দেশের মানুষের ওপর জুলুম নির্যাতন বন্ধ করে সুবিচার ও নাগরিকদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়াও আহ্বান জানান খালেদা জিয়া।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে কনভেনশনে জাপগার নেতাকর্মীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।