প্রচণ্ড হতাশা থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকার ও সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নোংরা অপপ্রচারে মেতে উঠেছেন—অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া এসব বন্ধ না করলে তার নোংরামির খবর জাতির সামনে তুলে ধরা হবে।
হাছান আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া একজন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কারণ যারা কালো টাকা সাদা করে তারাই দুর্নীতিবাজ।
আর বিএনপি আমলে এ কাজটি সবচেয়ে বেশি হয়েছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।
বিএনপি শাসনামলে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সিমেন্স কোম্পানির কাছ থেকে ৯৮০ কোটি ২০ লাখ টাকা ঘুষ নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।