ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত –সরকারের পক্ষ থেকে এমন অভিযোগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। এমন পরিস্থিতিতে দলটি দাবি করেছে তারা কোনোভাবেই মোসাদের সঙ্গে জড়িত নয়। এটা বিএনপিকে ফাঁসানোর ষড়যন্ত্রের অংশ মাত্র।
বিএনপি কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ডেতে চায় না বলেও দাবি বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির যে নেতার বিরুদ্ধে মোসাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে তিনি তা অস্বীকার করে এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
কদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গণে অন্যতম আলোচিত বিষয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের পরিকল্পনা করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। যিনি সম্প্রতি দলের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
ইসরায়েলের সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে বলে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।
ওই খবরে বলা হয়েছে যে, গত মার্চে কলকাতা, দিল্লি ও লন্ডনে ওই বিএনপি নেতার সঙ্গে ইসরায়েলের প্রভাবশালী নেতা মেন্দি এন সাফাদি বৈঠক করেছেন। আর ওই বৈঠকে মোসাদের এজেন্টও উপস্থিত ছিলেন।
সরকার উৎখাতের পর ইসলায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে মোসাদকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আশ্বাসের সিদ্ধান্তও হয় বৈঠকে।
এমন খবরের পর সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তবে যে নেতার বিরুদ্ধে এই অভিযোগ তিনি অবশ্য একে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব দাবি করেন বিএনপি কখনোই সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত নয়।
গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ পত্র দেয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
এছাড়াও এর প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুবদল।