ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সকাল সোয়া ৮টার দিকে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় সকাল ৯টা ৫৫ মিনিটে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সাংবাদিকদের বলেন, এটা আমাদের একটা চা চক্র ছিল। এর বেশি কিছু না।
পুলিশের একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন। বৈঠক শেষে সকাল ১০টার দিকে বিএনপি নেতারা দলের গুলশান কার্যালয়ে ঢুকেছেন।
সূত্র জানায়, ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টড বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত তার সঙ্গেই এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তারা কোনো কথা বলতে রাজি হননি।