মুসলিম বিশ্বের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটাতেই সরকার মোসাদ নাটক করছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত নয়— আর এ দলের নেতা শুধুমাত্র ব্যবসায়িক কাজেই ভারতে গিয়েছিলেন।
বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় না বরং সরকারই বিএনপিকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মোসাদের সঙ্গে যোগসূত্রের কোনো প্রমাণ না থাকলেও সরকার বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে।
আলাদা আলোচনা সভায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো প্রমাণ না থাকার পরও আসলাম চৌধুরীকে হয়রানি করা হচ্ছে।
এ সময় ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকারের পতন নিশ্চিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া, সকালে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় অভিযোগ পত্র প্রদানের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে মহিলা দল।