বারাবরের মতো পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও কেন্দ্র দখল- কারচুপি- ভোট ডাকাতির মহোৎসবে মেতেছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের মদদে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও জনগণের ভোটাধিকার লুট করে নিচ্ছে। নির্বাচনে সকাল থেকেই পূর্বের মতো ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, জোর করে নৌকা প্রতীকে সিল, বিরোধীদলের এজেন্টদের মারধর, ব্যালট বাক্স ছিনতাই অব্যাহত রয়েছে।
এ সময় নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের দুঃশাসনকে প্রলম্বিত করার দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠান ধ্বংসকারী হিসেবে পরিচিত হয়েছে।
বিএনপির এ নেতা আরো বলেন, গণতন্ত্র রক্ষা নয় বরং চাকুরি রক্ষার্থেই নির্বাচন কমিশন তাদের বিবেক বিক্রি করে দিয়েছে। তাদের কলঙ্কের তীব্রতা এতোটাই বেশি যে তা ছাইচাপা আগুনের মতো লুকানো থাকছে না।