বিএনপি জিয়াউর রহমানের আদর্শেই আছে— সেখান থেকে সরে যায়নি বলে মন্তব্য করেছেন দেশের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপিকে ধ্বংস করতে সরকার দলের চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মীদের নামেও শত শত মিথ্যা মামলা দিচ্ছে তবে চেয়ারপারসনের নামে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে পর্যুদস্ত করা যাবে না বলে জানান ফখরুল।
এর আগে খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে তিনি ওলামা দল আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মির্জা আব্বাসসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।