প্রকৃত দুস্কৃতকারীদের গ্রেপ্তার না করে সরকার বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছে এবং চারদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার ঘটনায় একদিন পর সোমবার বিবৃতি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তিনি এ ধরণের ঘটনার গভীর উদ্বেগ এবং ক্ষোভ ও নিন্দা জানান।
এছাড়াও জঙ্গীদের তৎপরতা দমন করার পরিবর্তে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই দায়িত্বের সমাপ্তি ঘটালেও সরকার নিজে নিষ্কলঙ্ক হতে পারছে না বলেও বিবৃতিতে জানানো হয়।
এদিকে, ঠাকুরগাঁওর নারগুন এলাকার নিবার্চনী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এখন গ্রামের মধ্যে সন্ত্রাস নিয়ে এসেছে এবং গ্রামের সমাজকে ভাগ করে দিয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকান্ডগুলোর সুষ্ঠু তদন্ত না করেই সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।