কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটলেই চট করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও না কারও ওপরে দোষ চাপিয়ে দেন– এ কারণেই তার বক্তব্য নিয়ে আস্থাহীনতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদ নির্মূলে সরকারের অঙ্গিকার চতুর রাজনৈতিক কৌশল ও চরম ধাপ্পাবাজি বলেও এ সময় মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।
রিজভী দাবি করেন, এ সরকারের আমলে রহস্যজনক জঙ্গিবাদীরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের প্রাণ নেয়ার নিশানায় পরিণত হয়েছে নানা শ্রেণি পেশার মানুষ। এখন স্বয়ং আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের পরিবারের সদস্যরা জঙ্গিচক্রের দানবীয়তার শিকার হচ্ছে।
তিনি আরো বলেন, সরকারি দলের নেতাদের ‘পণ্য সিন্ডিকেটের’ কারণে রমজানে নিত্যপণ্যের মূল্য ‘হাইজাম্প’ দিয়ে বাড়ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ প্রমুখ।