দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকতে সরকারই দেশকে অস্থিতিশীল করছে— বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলতি অর্থবছরের সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সরকার উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আর এসব হত্যাকাণ্ডে কোনো রকম তদন্ত না করেই বিরোধীদের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এতে অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে থেকে আরো উৎসাহী হচ্ছে। এ কারণেই দিন দিন খুনের ঘটনা বেড়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ঝিনাইদহে এক পুরোহিতকে হত্যা করা হয়েছে- এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও গত কয়েক দিনে হত্যার লাইন দীর্ঘ হচ্ছে। এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।