বর্তমানে দেশে যে গুপ্তহত্যা চলছে তার পূর্ণাঙ্গ মদদদাতা বিএনপি বলে অভিযোগ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
শুক্রবার সকালে শাহবাগে চলমান জঙ্গিবাদী গুপ্তহত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বাদশা বলেন, সারাদেশে হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রগতিশীল মানুষের ওপর অব্যাহতভাবে হামলা হচ্ছে। একইসঙ্গে ধর্ম অবমাননার মিথ্যা অযুহাতে হিন্দু ধর্মীয় শিক্ষকসহ সংখ্যালঘু সাধারণ মানুষকে হয়রানি করা হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক আরো বলেন, সাম্রাজ্যবাদ শক্তিকে উৎখাত করতে না পারলে জঙ্গীবাদ নির্মূল সম্ভব নয়। তাই গুপ্তহত্যা বন্ধে মুক্তিযুদ্ধে পক্ষের শক্তিকে এক হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।