জঙ্গি দমনে সরকারের কার্যকলাপকে রহস্যময় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন তিনি।
জঙ্গি দমনের নামে সরকার জুলুম-নির্যাতন চালাচ্ছে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর বলে জানান তিনি।
গণতন্ত্রের অভাবেই জঙ্গিবাদের উত্থান ঘটছে বলেও মন্তব্য করেছেন খালেদা জিয়া।
এছাড়া সংবাদ সম্মেলন করে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদেশি নাগরিক হত্যা ও গুপ্তহত্যায় জড়িত মূলহোতাদের আড়াল করতেই মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিএনপি নেতা-কর্মীদের।
জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বিকেলে গণমাধ্যমে এক বিবৃতি পাঠান বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া। এতে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন বন্দী অবস্থায় আছে, বন্ধ হয়ে গেছে মানুষের ন্যায় বিচার পাওয়ার সব পথ।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীরা গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যাকে গা-সওয়া করানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
এ সময় অভিযোগ করেন, মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেয়ার জন্য সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেয়া হচ্ছে।
তিনি বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী প্রতিদিনই হামলা চালাচ্ছে হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান, ব্লগার, পীর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর। সরকারের দমননীতি ও গণতন্ত্রহীনতার কারণেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত ড. মনিরুজ্জামান মিঞার স্মরণ সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিএনপিকে জঙ্গিবাদের তকমা দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনতে পারলে জঙ্গিবাদ দমন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।