রাজধনীর গুলশানের জঙ্গি হামলায় নিহতদের প্রতি ঈদের দিনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শ্রদ্ধা জানিয়ে বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল না।
এ সময় তিনি, সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে, ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি রয়েছে ডিপ্লোমেটিক জোনে।
ঈদের দিন বৃহস্পতিবার সকাল থেকেই গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি আসেন বিদেশিরা। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান নিহতদের প্রতি।
দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের বলেন, এই হত্যাযজ্ঞে পুরো বাংলাদেশ শোকাহত।
সাম্প্রতিক সম্প্রীতির দেশ বাংলাদেশ— তিনি সম্মিলিতভাবে সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানান।
নিরাপত্তার স্বার্থে পুরো গুলশান এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে ডিপ্লোমেটিক সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নামাজ আদায়সহ বিভিন্ন স্থানে যাতায়াতে বিদেশিদের পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে।