জঙ্গি বিরোধী সচেতনা সৃষ্টিতে খুতবার নামে মসজিদে ইসলামি ফাউন্ডেশনের ফতোয়া চলতে পারে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
আর গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেন, জঙ্গি দমনে ফতোয়া আর আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয় প্রয়োজন জাতীয় ঐক্য।
পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে সরে এলেই কেবলমাত্র দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করা সম্ভব বলে মত দেন তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তৃণমূলের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কাদের সিদ্দিকী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ আজ জাতীয় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার পরিবর্তে নীতিহীন, আদর্শহীন ক্ষমতার লড়াই এবং সংঘাত ও সহিংসতার উদ্ভব ঘটেছে বলে মনে করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, এসবের কারণেই দেশের তরুণদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে।
জঙ্গি দমন করতে হলে এর উৎস ও কারণসমূহ খুঁজে বের করতে হবে বলে মনে করেন আলোচকরা। ধর্মের ভুল ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের।