অর্থপাচার মামলায় উচ্চ আদালতের রায়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার সারাদেশে সকল মহানগর ও জেলায় এ কর্মসূচি পালন করা হবে বলে দলটির পক্ষ থেকে ঘোষণা এসেছে।
এছাড়া, বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন, এ মামলা ষড়যন্ত্রমূলক এবং সরকারই আদালতকে প্রভাবিত করে তারেক রহমানকে ফাঁসিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বলেছেন তারা।
বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচারের মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালত ৭ বছরের কারাদন্ড দেওয়ার পরপরই এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি।
রাতেই এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঠিক করতে গুলশানে নিজ কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়।
অর্থপাচারের যে মামলায় তারেক রহমানের সাজা হয়েছে তাকে ভিত্তিহীন বলে দাবি করেন দলটির নেতারা। ক্ষমতায় গেলে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলের সিনিয়র নেতা হান্নান শাহ অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।
জঙ্গিবাদসহ বিভিন্ন ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি।