তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে প্রতিহিংসার বহিঃপ্রকাশ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনদৃষ্টি অন্যদিকে ফেরাতেই ষড়যন্ত্রমূলক এ রায় দেয়া হয়েছে।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে সরকার নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ধরপাকড় চালাচ্ছে।
এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে বিএনপিকে কোনো ভেন্যূর অনুমোদন দেয়া হয়নি বলেও অভিযোগ করেন রুহুল কবির বিএনপির এ নেতা।
আর লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়ার নানা কৌশল নিচ্ছে সরকার।
এদিকে, তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।
নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।
কুড়িগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি।
তারেক রহমানের সাজার প্রতিবাদে বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠন।