বিএনপিকে দমনে সরকার আদালতকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলের নেতা রুহুল কবির রিজভী। আর দলটির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের অভিযোগ, নির্বাচনের বাইরে রাখার চেষ্টায় তারেক রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কারাদণ্ড দেয়া হচ্ছে।
এদিকে, তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বুধবার সারাদেশে থানা পর্যায়ে বিক্ষোভ-কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের কারাদন্ড দেওয়ার পর থেকেই সংবাদ সম্মেলন ও সভা-সমাবেশ করে এর প্রতিবাদ জানিয়ে আসছেন দলটির নেতারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেন, অপচেষ্টা চলছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নির্বাচনের বাইরে রাখার।
সরকারের কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আদালতকে প্রভাবিত করে সরকার তারেক রহমানের নামে মিথ্যা মামলায় সাজা দিয়েছে বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছিল বিএনপি।
তবে জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী সরাসরি অভিযোগ করেন, বিএনপিকে দমনে আদালতকে ব্যবহার করছে সরকার; আদালত বিচারকদের ইচ্ছায় চলছে না।
এছাড়া তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বুধবার ঢাকাসহ সব মহানগরের থানা ও জেলার সব উপজেলা সদরে বিক্ষোভ-সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচির কথাও জানান রিজভী।