প্রকৃত জঙ্গিদের না ধরে— জঙ্গিদমন অভিযানের নামে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে কি-না?— এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি নেতারা। ক্ষমতায় গেলে ক্রসফায়ারসহ সকল বিচারবহির্ভূত হত্যার বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন, জনগুরুত্বপূর্ণ ইস্যু ধামাচাপা দিতেই সরকার ইচ্ছাকৃতভাবে জঙ্গিবাদকে জিইয়ে রাখার চেষ্টা করছে।
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর জঙ্গিবাদ দমনে বেশ তৎপর সরকার। মঙ্গলবার সকালে রাজধানীতে পুলিশি অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ায় পর দিনভর এ ইস্যুটি ছিলো আলোচনার কেন্দ্রে।
এ প্রসঙ্গে কথা বলেন বিএনপি নেতারাও। এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ নেতা হান্নান শাহ সংশয় প্রকাশ করেন, পুলিশের অভিযানে যারা মারা গেছে তারা আসলেই জঙ্গি ছিলো কি-না?
ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় গেলে এসবের বিচার করবে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে দলটির অন্য নেতারাও কথা বলেন জঙ্গিবাদ প্রসঙ্গে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় কারাদণ্ড দেয়ার প্রতিবাদে আয়োজিত ওই অনুষ্ঠানে দলটির নেতারা অভিযোগ করেন; শীর্ষ নেতাদেরকে রাজনীতির বাইরে রাখার ষড়যন্ত্রের অংশ এটি।
একের পর এক ইস্যু সৃষ্টি করে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা।