জামাতকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজ উদ্দিনের মন্তব্য ব্যক্তিগত— দলীয় কোনো সিদ্ধান্ত নয় বলেই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, জঙ্গিবাদ দমন নয় বরং সরকার বিরোধীদল দমনেরই পাঁয়তারা করছে।
এদিকে, আরকেটি অনুষ্ঠানে জঙ্গিবাদকে রাজনীতির মূলধন হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার- এ মন্তব্য করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার জঙ্গি ধরার নাম করে বিরোধীদলীয় নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করছে।
এ সময় তিনি জঙ্গি দমনে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জামাতকে বিএনপির আগের মতো দরকার নেই- ড.এমাজ উদ্দিনের এমন মন্তব্য তার ব্যক্তিগত এটা দলের কোনো সিদ্ধান্ত নয়।
এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে "জঙ্গি নির্মূলে জাতীয় ঐক্য" শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জঙ্গিবাদকে রাজনীতির মূলধন হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ।