সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে— অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।
বুধবার বিগত আন্দোলনে গুম-খুনের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এখন চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানবাধিকার না থাকার কারণেই মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ।
তিনি দাবি করেন, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এক হাজার নেতাকর্মী আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত এবং ৫০০ গুম হয়েছেন।
দলটির মহাসচিব আরো বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে বিএনপিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র করছে সরকার। দেশের গণতন্ত্র ও মানবাধিকার আজ ভূলুন্ঠিত বলেও জানান তিনি।
জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়ানোর পাঁয়তারা চলছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল।
অনুষ্ঠানে জঙ্গিবাদ দমনে সব রাজনৈতিক দলের ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।